সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও শিল্প-সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এসএম সুলতান পদক’-এ ভূষিত হয়েছেন সুরভী স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মান্দ বানু। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের মা।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় কিংবদন্তি চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সুলতান শিশু উৎসব-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ পদকগ্রহণ করেন তিনি। পদকগ্রহণ করে সৈয়দা ইকবাল মান্দ বানু বলেন, কিংবদন্তি শিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুলতান শিশু উৎসবে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাকে ‘সুলতান’ পদকে ভূষিত করায় সবাইকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার ছাড়াও উপস্থিত ছিলেন ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রশিল্পী শহিদুল ইসলাম।