যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি

সুইজারল্যান্ডে শান্তি আলোচনা স্থগিত

আপডেট : ২০ জুন ২০২৬, ০৩:০৫ এএম

লেবাননে চলমান ইসরায়েলের সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র, ইরান, কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে নির্ধারিত আলোচনা আপাতত হচ্ছে না। তবে আলোচনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানান তারা। গত বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, এ আলোচনার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা কখনোই সহজ বা আগে থেকে অনুমান করার মতো ছিল না। তবে পরিকল্পনা চূড়ান্ত হওয়া মাত্রই জেডি ভ্যান্স ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল রওনা হওয়ার জন্য প্রস্তুত ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রতিনিধিদল পাঠানো স্থগিত রেখেছে তেহরান। একই সঙ্গে চুক্তির আওতায় ৬০ দিনের আলোচনার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। এর আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সুইজারল্যান্ড সফর বাতিল করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিরাপত্তার প্রয়োজন থাকা পর্যন্ত দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হবে না। ফ্রান্সে ভার্চুয়ালি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গত বুধবার ১৪ দফার একটি প্রাথমিক চুক্তির (সমঝোতা স্মারক) মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ আরও অন্তত ৬০ দিন বাড়ানোর পর ইরান জানিয়েছিল, তারা কারিগরি আলোচনা শুরু করতে প্রস্তুত। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের বৃহস্পতিবারের ঘোষণার (সফর স্থগিত) আগেই ইরান শর্ত দিয়েছিল যে- আলোচনার আগে অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট পদক্ষেপ দেখতে হবে। একই সঙ্গে ইরানের প্রতিনিধিদল সুইজারল্যান্ডের ওই অবকাশ কেন্দ্রে যাবে কি না, সে বিষয়েও আগে থেকে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।

লেবাননে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রই দেশটির একমাত্র অবশিষ্ট বন্ধু এবং কেবল হত্যাযজ্ঞের মাধ্যমে দেশটি সব সমস্যার সমাধান করতে পারবে না। তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার কট্টরপন্থিদের বাস্তবতায় ফিরে আসার এবং ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইরান শান্তিচুক্তির সমালোচনা থেকে বিরত থাকার আহ্বান জানান। ভ্যান্সের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) ছাড়গুলোর প্রতি তীব্র ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ অনেকেই। গত বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে ভ্যান্স অভিযোগ করেন, লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলা চালিয়ে ইসরায়েল মূলত শান্তি আলোচনা বাধাগ্রস্ত করছে।

সাংবাদিকদের তিনি বলেন, নেতানিয়াহুর মন্ত্রিসভার কিছু মানুষকে আপনারা দেখেছেন যারা এই চুক্তির সমালোচনা করেছেন এবং কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অত্যন্ত ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে পুরো বিশ্বে একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল। ইসরায়েলি সরকারকে সতর্ক করে ভ্যান্স বলেন, ‘আমি যদি ইসরায়েল সরকারের মন্ত্রিসভায় থাকতাম, তবে পুরো বিশ্বে আমার একমাত্র শক্তিশালী মিত্রকে আক্রমণ করতাম না।’ এ মন্তব্যের পর ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অধীনে ৬০ দিনের জন্য হরমুজ প্রণালির ট্রানজিট ফি মওকুফ করেছে ইরান। তেহরান বলছে, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং সামুদ্রিক বাণিজ্য পুনরুদ্ধারের প্রথম বড় পদক্ষেপগুলো বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি) জানিয়েছে, এই সাময়িক ফি মওকুফটি সেই সব বাণিজ্যিক জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলো এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলের অনুমতি চাইবে। কাউন্সিল আরও জানিয়েছে, এই দুই মাসের সময়কালে ট্রানজিট প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব খরচ ইরান সরকার বহন করবে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনার ইঙ্গিতেই এই পতন দেখা গেছে। গতকাল শুক্রবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৫৪ সেন্ট বা ০ দশমিক ৬৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৮.৩১ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৬ সেন্ট বা ০ দশমিক ৬০ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬.১৪ ডলারে লেনদেন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত