আজ রাতে ডালাসে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-অস্ট্রিয়া। এই ম্যাচ দিয়ে প্রথম বার আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছেন দুই পুরনো প্রতিপক্ষ লিওনেল মেসি ও ডেভিড আলবা। দুজনের হাতে থাকবে আর্মব্যান্ড।
ক্লাব ফুটবলে এই দুই তারকার প্রথম দেখা হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, যখন আলাবা খেলতেন বায়ার্ন মিউনিখে এবং মেসি ছিলেন বার্সেলোনায়। পরবর্তীতে আলাবা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিলে লা লিগার এল ক্লাসিকো মঞ্চেও তাদের দ্বৈরথ নতুন মাত্রা পায়।
আলাবার রক্ষণ বনাম মেসির আক্রমণ: লেফট-ব্যাক বা সেন্টার-ব্যাক পজিশনে খেলা আলাবাকে প্রায়ই ডানপ্রান্ত বা মাঝমাঠ থেকে ক্ষিপ্র গতিতে বক্সে ঢোকা মেসিকে সামলানোর কঠিন দায়িত্ব নিতে হতো।
স্মরণীয় ম্যাচ: ২০১৩ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে বায়ার্নের ৭-০ (দুই লেগ মিলিয়ে) ব্যবধানের জয়ে আলাবা মেসির ওপর দুর্দান্ত চাপ সৃষ্টি করেছিলেন। আবার ২০১৫ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ন্যু ক্যাম্পে বায়ার্ন ডিফেন্সকে ভেঙে মেসির জোড়া গোলের ম্যাজিকও ফুটবলপ্রেমীরা আজীবন মনে রাখবে।
মাঠে মেসিকে আটকানোর শত চেষ্টা করলেও, আলাবা সবসময়ই মেসিকে ফুটবলের সর্বকালের সেরা হিসেবে স্বীকার করেছেন। এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে তিনি বলেন, 'লিওনেল মেসি যা করে, তা অবিশ্বাস্য। সে একজন ফুটবল জাদুকর। মাঠে ৪-৫ জন ডিফেন্ডারকে যেভাবে সে বোকা বানাতে পারে, তা আসলেই অবিশ্বাস্য।'