ভারতের মেঘালয়ের ভারী বর্ষণ ও সুনামগঞ্জে টানা বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়দল পুরানহাটি প্রামে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে খালের পাড়সহ একটি বসতঘর ধসে পড়েছে। এ সময় ঘরের খুঁটির সঙ্গে বাঁধা থাকা রুবেল মিয়া (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক ঢলের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন।
সোমবার (২২ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে বড়দল পুরানহাটি এলাকার ‘মাঝের খাল’ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ রুবেল মিয়া স্থানীয় বাসিন্দা বশিরুল হকের ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিখোঁজের ৭ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় বাসিন্দা ও নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মাঝেমধ্যেই তিনি পরিবারের অজান্তে বাইরে চলে যেতেন , তার নিরাপত্তার কথা চিন্তা করে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে রশি দিয়ে বেঁধে রাখতেন। সোমবার সকালে মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বড়দল মাঝের খাল দিয়ে তীব্র বেগে প্রবাহিত হচ্ছিল। স্রোতের তীব্রতায় খালের পাড়ে থাকা বশিরুল হকের বসতভিটায় আকস্মিক ভাঙন দেখা দেয় এবং মুহূর্তের মধ্যে পুরো ঘরটি খালের পানিতে ধসে পড়ে। এ সময় ঘরে থাকা অন্য সদস্যরা দ্রুত বাইরে বের হয়ে জীবন রক্ষা করতে পারলেও, খুঁটির সাথে বাঁধা থাকায় রুবেল মিয়া ঘর থেকে বের হতে পারেননি। চোখের পলকে ঘরের কাঠামোর সঙ্গেই তিনি খালের প্রবল স্রোতে তলিয়ে যান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।