জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের মারধরের অভিযোগ

আপডেট : ২৪ জুন ২০২৬, ০২:৩৯ এএম

রাজধানীর ধানম-ি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এতে দৈনিক সকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জামায়াতে ইসলামী এ ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ অভিহিত করে জানিয়েছে, তারা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন গতকাল আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল করে। মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য জামায়াতের এক জ্যেষ্ঠ নেতাকে সামনে আনা হয়। তখন কয়েকজন নেতাকর্মী উপস্থিত সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাদের বাগ্বিত-া শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের ওপর হামলা চালান। এ সময় মাহফুজুর রহমান শিশির আহত হন।

হামলার প্রতিবাদ ও নিন্দা : পেশাগত দায়িত্ব পালনকালে ধানমন্ডি ৩২ নম্বরে গণমাধ্যমকর্মীর ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় বিভিন্ন সংগঠন ও দল তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ বিবৃতিতে বলেন, বিরোধী দলে থাকতেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রকাশ্যে কর্তব্যরত সাংবাদিকদের ওপর যেভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ ও লাঞ্ছনা চালিয়েছে, তা অত্যন্ত আশঙ্কাজনক। এ ঘটনা প্রমাণ করে, তারা ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে একটি উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়। তারা আরও বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো যেকোনো স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থী। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এদিকে হামলার ঘটনায় গতকাল বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। সেখানে তারা হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)। গতকাল এক বিবৃতিতে বিএজে সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান এ প্রতিবাদ জানান।

এদিকে ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এ ছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর সংঘটিত হামলা, হেনস্তা ও লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। তারা ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়।

জামায়াতের বক্তব্য : ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনাকে অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও দুঃখজনক বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘বিক্ষোভ কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর সেখানে উপস্থিত কিছু অতি-উৎসাহী ব্যক্তি বা অনাকাক্সিক্ষত বহিরাগতদের উসকানিতে এ অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনার পেছনে প্রকৃতপক্ষে কারা জড়িত এবং কীভাবে এ ভুল বোঝাবুঝির সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে দলের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে। যদি দলের কোনো স্তরের কর্মীর সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ কোনো স্বার্থান্বেষী মহল যেন এ ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি বা ফাটল সৃষ্টি করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত