১১ দলের সমাবেশে ডা. শফিক

বিচার করুন না হয় যাওয়ার পথ খুঁজুন

আপডেট : ২৪ জুন ২০২৬, ০২:৪০ এএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সরকারের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা বিচার নিশ্চিত করুন। না হয় আপনারাও যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। গতকাল মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে ১১ দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের সময় তারা (বিএনপি) বলেছিল, নির্বাচিত হলে আওয়ামী লীগ আমলে যত হত্যা ও নির্যাতন হয়েছে সবগুলোর বিচার করবে। ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। বিচার তো তারা (সরকার) করছেই না, বরং চার মাসে ৬শ জনের অধিক মানুষ খুন হয়েছে। জামায়াত আমির বলেন, লজ্জার বিষয়, সরকার ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক ফ্যাসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন ব্যাংকে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয়-কলেজগুলো দলীয় অনুগতদের দিয়ে দখল করা, জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া, এমনকি খেলার মাঠটাও পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। এভাবে তারা আবার কার্যত একদলীয় ফ্যাসিবাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে।’

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘কারও সাধ্য নাই এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করার। সংসদে যতদিন পর্যন্ত কথা বলার পরিবেশ থাকবে, তার বাইরে এক সেকেন্ডও থাকব না। যেদিন মনে হবে সংসদে বলে লাভ নাই, সেদিন খোদা হাফেজ বলে আমরা বেরিয়ে আসব।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই হত্যাকা-, শাপলা হত্যাকা-, পিলখানা হত্যাকা-সহ সব গুম-খুন ও শরিফ ওসমান হাদি হত্যাকা-ের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না। আর যেই চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ ৫ আগস্টে সমাপ্ত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, যারা সমঝোতা করছে, যারা নতুন করে স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে।

শরিফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ভারত সরকারকে বলতে চাই, হাদি হত্যার বিচার করার অধিকার বাংলাদেশের রয়েছে। সেই হত্যাকারীদের বাংলাদেশে হস্তান্তর করুন। যে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তারা পুরনো রূপেও ফিরবে না, আর নতুন রূপেও ফিরতে দেব না আমরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত