ময়মনসিংহের ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগে এক ইমামকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক ম-ল জামে মসজিদ থেকে তাকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে। আটক মো. ইব্রাহিম (৪৫) ওই মসজিদের ইমাম। তার বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত প্রায় ১০টার দিকে এলাকাবাসী মো. ইব্রাহিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটকের পর উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে তিনি বিষয়টি স্বীকার করেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মো. ইব্রাহিম ১০ বছর বয়সী ওই শিশুকে একদিন ধর্ষণ করেছেন বলে স্বীকার করেন।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সোমবার রাতেই থানায় মামলা করেন। ওই মামলায় ইব্রাাহিমকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ।
এ বিষয়ে ত্রিশাল থানার এসআই নাহিদ পারভেজ বলেন, ‘স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে এসেছি।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, ‘শিশুটি ইমামকে খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়। গত শুক্রবার ঘটনাটি ঘটলেও সোমবার বিষয়টি জানাজানি হয়। আজ (মঙ্গলবার) শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।’
উল্লেখ্য, এর আগে গত শনিবার উপজেলার চিকনা মনোহর গ্রামে ৫ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন। তিন দিনের ব্যবধানে শিশু ধর্ষণের অভিযোগে দুই ইমাম আটকের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।