স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে বিজিবি হব : ডা. শফিকুর

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৩:২৯ এএম

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশ আমাদের যেহেতু সবার এক ইঞ্চি জায়গা কেন, একটা বালুর ওপরেও কাউকে পা রাখতে দেব না।’

গতকাল শুক্রবার নেত্রকোনার সার্কিট হাউসে জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের বিজিবির পাশাপাশি সবাই বিজিবি হয়ে আমরা ওখানে খাড়ায়ে যাব ইনশা আল্লাহ। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আমাদের বুকের দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়ায়ে যাব। এবং বহু জায়গায় দাঁড়ায়ে গেছে বলে ওরা পারে নাই কিছু করতে। অনেক ব্যাপারে কমপ্রোমাইজ হতে পারে, স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কমপ্রোমাইজ নেই।’ ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা একটা নোটিস জমা দিয়েছিলাম সীমান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য। সরকার এখনো নোটিসটা আমাদের আলোচনা করতে দিচ্ছে না। এখন আবার ৭ তারিখ থেকে শুরু হবে, আমরা আবার শুরু করব।’

মাদক ও সামাজিক অবক্ষয় নিয়ে তিনি বলেন, ‘আমরা মিলেমিশেই ইনশা আল্লাহ বাংলাদেশটাকে গড়ব এবং সব ধরনের অপরাধপ্রবণতা এখানে মাদকের কথাও এসেছে। মাদকের ব্যাপারে আমাদের অবস্থান জিরো। সরকার মাদক নিয়ন্ত্রণ আইনের একটা বিল এনেছে। আমাদের দাবি নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল। নিয়ন্ত্রণের মানে হচ্ছে কিছু থাকবে, একটু চেপে রাখা। আমরা ওটা চাই না, আমরা নির্মূলের পক্ষে।’

স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একজন সরকারিদলীয় সংসদ সদস্য চমৎকারই বলেছেন যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকা থেকে। উনি জানেন না? এই চালান কীভাবে আসে? এটা কীভাবে বন্ধ করতে হয়? কারা এর সঙ্গে জড়িত? নেত্রকোনার মানুষ আমার চেয়েও ভালো জানেন। আমরা আর দেখতে চাই যে, সংসদের ভেতরে অনেক ব্যাপারে তিনি অনেক ভূমিকা রাখেন। আমরা দেখতে চাই যে তার মন্ত্রণালয়ের ভূমিকাটা তার বাড়ি থেকে শুরু হোক।’

জামায়াত আমির বলেন, ‘কোনো কোনো স্থানে আমরা দেখছি, সরকারি এমপি যা বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না। এটা হতে পারে না। আমরা আগেও দেখেছি এমন বৈষম্য হতে। কিন্তু এখন তা মেনে নেওয়া হবে না।’

মতবিনিময় সভা শেষে জেলা পাবলিক হলে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে যোগ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত