কবি সুফিয়া কামালের বড় ছেলে, প্রবীণ সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের জনপ্রিয় শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর জেড এইচ শিকদার হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়াতের মরদেহ গত রাতে ধানমণ্ডির নিজস্ব বাসভবন ‘সাঁঝের মায়া’য় রাখা হয়। আজ রবিবার জোহরের নামাজ শেষে ধানমণ্ডির তাকওয়া মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর আজিমপুর গোরস্থানে মা সুফিয়া কামালের কবরে তাকে সমাহিত করা হবে।
শাহেদ কামালের জন্ম ১৯৪২ সালের ১ ফেব্রুয়ারি। ১৯৫৭ সালে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক হিসেবে অবসরে যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১৯৭৬ সাল থেকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।