৫ ক্রুসহ পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:২৫ এএম

পাকিস্তানের করাচির উপকূলের কাছে ৫ আরোহী নিয়ে একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। পাকিস্তানের বিমানবন্দর কর্র্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটে দ্রুত নিচে নামতে শুরু করে। এরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার ঠিক আগে বিমানটির পাইলট দিকনির্ণয় ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার কথা জানিয়েছিলেন।

বিমানটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশে যাচ্ছিল। বিমানটির সন্ধানে পাকিস্তানের নৌবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্র্তৃপক্ষ। সরকারি তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগমুহূর্তে বিমানটি করাচি উপকূল থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের ওপরে অবস্থান করছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে বিমানটির উচ্চতায় চরম ওঠানামা লক্ষ্য করা গেছে।

শেষমুহূর্তে বিমানটি মাত্র এক মিনিটেরও কম সময়ে প্রায় ৫ হাজার ফুট নিচে নেমে যায়। এর ঠিক ৩০ সেকেন্ড পর এটি আবার ৬ হাজার ফুট ওপরে উঠলেও শেষ পর্যন্ত ৩৬ হাজার ৫৫০ ফুট উচ্চতা থেকে একবারে খাঁড়া নিচের দিকে আছড়ে পড়তে শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত