নাজাফের শোকমিছিলে জনসমুদ্র

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:২৫ এএম

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী শেষকৃত্য প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফে বিশাল শোকমিছিল হয়েছে। ইরাকের রাজনৈতিক নেতা ও শিয়াধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে শোক অনুষ্ঠানে যোগ দেন। ইরাকি কর্র্তৃপক্ষ জানিয়েছে, এই শোকমিছিলে অংশ নিয়েছেন শোকসন্তপ্ত লাখো মানুষ। খামেনির কফিনবাহী ট্রাক নাজাফের সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ জড়ো হন। এ সময় শোকাতুর জনতাকে প্রয়াত নেতার বিভিন্ন প্রতিকৃতি বহন করতে দেখা যায়। মিছিল থেকে জনতা ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’ এবং ‘ইসরায়েল নিপাত যাক’ বলে সেøাগান দেন। ইরাকের আল-আহদ টিভি জানিয়েছে, ভোর হওয়ার আগেই হাজার হাজার অনুসারী নাজাফে এসে পৌঁছেছেন। র‌্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা রাস্তায় ও ইমাম আলীর (রা.) মাজারের চারপাশে অবস্থান নেন।

মিছিলে ইরাক ও ইরানের পতাকার পাশাপাশি ইরাকের প্রভাবশালী ইরান-পন্থি মিলিশিয়া বাহিনীর ব্যানার দেখা যায়, যাদের সমর্থকরাও এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। সমগ্র বিশ্বের শিয়া মুসলিমদের কাছে নাজাফ শহরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে ইমাম আলির সমাধিস্থল অবস্থিত। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় খামেনির কফিন নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ধর্মীয় নেতারা কফিনটি গ্রহণ করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কমান্ডাররা এই মিছিলে অংশ নিতে ইরাকে গিয়েছেন। নাজাফ থেকে কফিনটি ইরাকের আরেকটি পবিত্র শহর কারবালায় নেওয়া হয়েছে। সেখানেও অনুরূপ শোক অনুষ্ঠানের পর দাফনের জন্য পুনরায় ইরানে ফিরিয়ে নেওয়া হবে খামেনির মরদেহ। আজ বৃহস্পতিবার খামেনির জন্ম শহর উত্তর-পূর্ব ইরানের মাশহাদ নগরীতে তাকে দাফনের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শেষ হবে।

গত শনিবার থেকে প্রয়াত খামেনির রাষ্ট্রীয় শোক ও জানাজার আনুষ্ঠানিকতা চলছে। ইরানের প্রত্যাশা, প্রয়াত নেতার জানাজাকে ঘিরে এই বিপুল আয়োজন মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর ঐক্য ও শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটাবে। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুগপৎ হামলা চালিয়ে এই যুদ্ধের সূত্রপাত ঘটায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র। সেদিনই খামেনি ও তার পরিবারের একাধিক সদস্য নিহত হন। নাজাফের এই শোকযাত্রার সময়ই আবারও নতুন করে হরমুজ প্রণালিকে ঘিরে সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত