ঢাকার সাভার ও আশুলিয়ার পৃথক এলাকায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত আশুলিয়া ও সাভার মডেল থানার পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে হুমায়ন কবির (৩১), ইকরাম হোসেন (২৮) ও মোফাজ্জল ভূঁইয়া (৪৮) নামে তিনজনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
একই দিন রাত ৮টার দিকে সাভার মডেল থানার মোগড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
এ ছাড়া শুক্রবার রাত আড়াইটার দিকে সাভার মডেল থানার ভরালী বটতলা এলাকায় অভিযান চালিয়ে রাজু মণ্ডল (২৩), সুজন মিয়া (৩৮) ও চাঁন মিয়া (২৫) নামে তিনজনকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইকরাম হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা এবং চাঁন মিয়ার বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ইংল্যান্ডই ফেভারিট, চাপ ওদের ওপরই থাক: হালান্ড