ভোলায় মেয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বৃদ্ধ বাবার

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১১:০৬ এএম

ভোলার সদর উপজেলায় নিজ মেয়ের বিরুদ্ধে নির্যাতন, হয়রানিমূলক মামলা এবং বাড়িঘর দখলের অভিযোগ তুলেছেন ৯০ বছর বয়সী অবসরপ্রাপ্ত অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে ভোলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছোট ছেলে রেজবাহ উদ্দিন স্বপন।

লিখিত বক্তব্যে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, জীবনের শেষ প্রান্তে এসে তিনি নিজের মেয়ে জুলিয়া রহমান বণ্যার অত্যাচারে অসহায় হয়ে পড়েছেন। তার দুই স্ত্রীর সংসারে চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রী হাসিনা বেগমের ঘরের মেয়ে জুলিয়া রহমান বণ্যা দীর্ঘদিন ধরে তাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং একের পর এক তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে আসছেন।

তিনি দাবি করেন, ২০১১ সালে জুলিয়া রহমান বণ্যা তাকে ও তার তৃতীয় স্ত্রীকে মারধর করে আহত করেন। এ সময় বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাও করা হয়। ওই ঘটনায় তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে অর্থনৈতিক সংকটের কারণে তিনি চাকরিজীবী সন্তানদের কাছে ঢাকায় অবস্থান করছেন। কিন্তু সেখান থেকেও তিনি ও পরিবারের সদস্যরা একের পর এক মামলার মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, জুলিয়া রহমান বণ্যা সন্ত্রাসীদের সহযোগিতায় তার বাড়িঘর দখল করে রেখেছেন। অথচ ওই সম্পত্তিতে তার কোনো বৈধ মালিকানার কাগজপত্র নেই। এ কারণে তিনি সম্পত্তি অন্য সন্তান ও স্ত্রীদের নামে হেবা দলিলের মাধ্যমে হস্তান্তর করেছেন।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, জুলিয়া রহমানের বিরুদ্ধে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যসহ প্রায় ১০০ জন গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষরযুক্ত একটি আবেদন পুলিশ সুপারের কাছে দেওয়া হয়েছিল। এছাড়া প্রায় ২০ দিন আগে ঢাকার গেন্ডারিয়ায় অবস্থানকালে জুলিয়া রহমান ও কয়েকজন বহিরাগত তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে গেন্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে দাবি করেন তিনি।

৯০ বছর বয়সী এই অধ্যাপক বলেন, বর্তমানে তিনি অন্যের সহায়তা ছাড়া চলাফেরা করতে পারেন না। তাই নিজের ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং নিজ বাড়িতে নিরাপদে বসবাস নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলন শেষে অভিযুক্ত জুলিয়া রহমান বণ্যা প্রেসক্লাবে এসে বাবাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার সৎ ভাইদের সঙ্গে বাকবিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে জুলিয়া তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, গত প্রায় ২০ বছর ধরে তার বাবা তার ৭০ বছর বয়সী মায়ের ভরণপোষণ দেননি এবং কোনো খোঁজখবরও নেননি। এ বিষয়ে তিনি ও তার মা আদালতে মামলা করেন এবং আদালত তার মায়ের পক্ষে রায় দেন।

তিনি আরও দাবি করেন, গত কয়েক বছর ধরে তার সৎ ভাইয়েরা তার বাবাকে তাদের কাছ থেকে আড়াল করে রেখেছিলেন। দীর্ঘদিন বাবার অবস্থান সম্পর্কে তারা কিছু জানতেন না। গত মাসের ১৮ তারিখ ঢাকায় গিয়ে তিনি বাবার খোঁজ পান। এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও দাবি করেন জুলিয়া রহমান বণ্যা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত