এআইনির্ভর নতুন সিস্টেম মাইক্রোসফটের

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১২:৪৬ এএম

সাইবার অপরাধে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়তে থাকায় উইন্ডোজের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি এআইনির্ভর একটি স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা চালু করছে, যা সফটওয়্যারের দুর্বলতা দ্রুত শনাক্ত, বিশ্লেষণ এবং সমাধান করতে সহায়তা করবে। এর ফলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি কাজে লাগানোর আগেই প্রয়োজনীয় হালনাগাদ প্রকাশ করা সহজ হবে।

মাইক্রোসফটের উইন্ডোজ অ্যান্ড ডিভাইসেস বিভাগের সহসভাপতি পবন দাভুলুরি জানিয়েছেন, নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হলো নিরাপত্তা ত্রুটি শনাক্ত ও সমাধানের সময় কমিয়ে আনা। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি ‘এমড্যাশ’ নামে মাল্টি-মডেলভিত্তিক একটি এআই স্ক্যানিং প্রযুক্তি তৈরি করেছে। ক্লাউডভিত্তিক এই ব্যবস্থা উইন্ডোজের সম্ভাব্য দুর্বলতা শনাক্ত করে দ্রুত নিরাপত্তা প্রকৌশলীদের কাছে তথ্য পাঠাবে, ফলে ‘জিরো-ডে’ ধরনের সাইবার হামলার ঝুঁকিও কমবে।

মাইক্রোসফটের অটোনোমাস কোড সিকিউরিটি (এসিএস) দলের তৈরি এ প্রযুক্তিতে ১০০টির বেশি বিশেষায়িত এআই এজেন্ট একসঙ্গে কাজ করে সম্ভাব্য ত্রুটি খুঁজে বের করে। শুধু নিরাপত্তা সমস্যা শনাক্ত নয়, সফটওয়্যার উন্নয়নের শুরু থেকেই এআই ব্যবহারের পরিকল্পনাও করেছে প্রতিষ্ঠানটি। এ জন্য সিকিউর ডেভেলপমেন্ট লাইফসাইকেল (এসডিএল) নীতিমালাও হালনাগাদ করা হচ্ছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত এআই নেবে না। ঝুঁকির মাত্রা মূল্যায়ন, প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ এবং নিরাপত্তা সমাধানের মান যাচাই করবেন মাইক্রোসফটের নিরাপত্তা প্রকৌশলীরাই। প্রতিষ্ঠানটির মতে, এআইনির্ভর সাইবার হামলার গতি বাড়তে থাকায় ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের স্মার্ট সিস্টেম অপরিহার্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত