স্যামসাংয়ের নতুন প্রজন্মের ভাঁজযোগ্য স্মার্টফোন উন্মোচনের অপেক্ষা শেষ হতে চলেছে। আগামী ২২ জুলাই লন্ডনে অনুষ্ঠিতব্য গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে গ্যালাক্সি জেড ফোল্ড ৮ সিরিজের নতুন ডিভাইস উন্মোচন হতে পারে। যদিও প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও ফাঁস হওয়া তথ্য থেকে ফোনটির সম্ভাব্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এবার শুধু গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা নয়, গ্যালাক্সি জেড ফোল্ড ৮ ওয়াইড নামের আরেকটি সংস্করণও বাজারে আসতে পারে। ফলে একই সিরিজে একাধিক ফোল্ডেবল মডেল দেখার সম্ভাবনা রয়েছে। ফাঁস হওয়া ছবিতে জেড ফোল্ড ৮ আলট্রা, জেড ফ্লিপ ৮ এবং একটি নতুন নকশার ভাঁজযোগ্য ফোন দেখা গেছে।
ধারণা করা হচ্ছে, জেড ফোল্ড ৮ আলট্রায় ৬.৫ ইঞ্চির বাইরের ডিসপ্লে এবং ভাঁজ খুললে ৮ ইঞ্চির বড় ভেতরের ডিসপ্লে থাকবে। অন্যদিকে জেড ফোল্ড ৮ ওয়াইডে ৫.৪ ইঞ্চির কভার স্ক্রিন ও ৭.৬ ইঞ্চির ভেতরের পর্দা থাকতে পারে। এর ডিসপ্লের অনুপাতও আগের মডেলের তুলনায় ভিন্ন হতে পারে।
বিশ্লেষকদের মতে, সম্ভাব্য ভাঁজযোগ্য আইফোনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নতুন নকশার ওয়াইড সংস্করণ আনছে স্যামসাং। দামের বিষয়েও বাড়তির ইঙ্গিত মিলছে। গত বছরের জেড ফোল্ড ৭-এর দাম ছিল ১,৯৯৯ মার্কিন ডলার। উৎপাদন ব্যয় ও চিপের মূল্য বৃদ্ধির কারণে নতুন মডেলের দাম আরও প্রায় ১০০ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণার পরই ফোনগুলোর পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন ও বাজারে আসার সময়সূচি জানা যাবে।