মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম

ফরিদপুরের মধুখালী উপজেলায় বেড়াতে এসে রহস্যজনকভাবে মারা গেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের এক শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) মো. রহমত আলী (৪৩)। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

সোমবার (২০ জুলাই) সকালে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেন।  

পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, মধুখালী উপজেলার আলতুখান জুট মিলস লিমিটেডের মালিক আলহাজ লোকমান হোসেনের বাসায় তার পরিচিত কয়েকজন বন্ধু ঢাকা থেকে বেড়াতে আসেন। এ সময় তারা সারাদিন ঘোরাঘুরি ও রাতে খাবার খাওয়া-দাওয়ার পর বিশ্রাম নিতে যায়। এর একপর্যায়ে তাদের সঙ্গে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামের বাসিন্দা দেওয়ান আলীর ছেলে মো. রহমত আলী (৪৩) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে  তাকে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত রহমত আলী পল্লী সঞ্চয় ব্যাংকের নরসিংদী উপজেলার একটি শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা ঘটনাস্থলে আসছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত