ছাতকে চোরাই মোটর উদ্ধার, আটক ৪

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

সুনামগঞ্জের ছাতক উপজেলায় অভিযান চালিয়ে চোরাই ৬টি মোটর, একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা উদ্ধার এবং চারজনকে আটক করেছে নৌ পুলিশ।
তা‌দের কাছ থে‌কে উদ্ধারকৃত মোটরগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। 

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি দল রেলওয়ে কলোনি এলাকার সুরমা নদীর তীরে অভিযান পরিচালনা করে। এ অভিযানে রমজান আলীর ভাঙারির দোকান থেকে ছয়টি চোরাই মোটর উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ এবং চারজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- তোফাজ্জল হক (২২), পিতা নিজাম উদ্দিন, জুবের মিয়া (২৩), পিতা মৃত আনিছুর রহমানসহ দুজনের বাড়ি কোম্পানীগঞ্জ। ছাতক  উপজেলার ইসলামপুর  ইউপির গণেশপুর ছড়ারপাড় গ্রা‌মের মৃত দুদু মিয়ার পুত্র আবু বক্কর (২২) ও ছাতক পৌর শহ‌রের  বাগবাড়ি গ্রা‌মের মৃত আমির মিয়ার পুত্র রমজান মিয়া (৪০)।    

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তদন্তে পুলিশ জানতে পারে, গত ১৩ জুলাই সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৬টার মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস পূর্বপাড়া গ্রামের কাটাগাং নদীর তীরে অবস্থিত বশির কোম্পানির বালুর স্টক থেকে মোটরগুলো চুরি করা হয়। পরে ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে চোরাই মোটর গুলো বিক্রির উদ্দেশ্যে ছাতকের রেলওয়ে কলোনি এলাকার রমজান মিয়ার ভাঙারির দোকানে নিয়ে আসা হলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তাদের আটক করে। 

এব‌্যাপা‌রে ছাতক নৌ পু‌লি‌শের ইনচাজ আনোয়ার হো‌সেন এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, চু‌রি ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা রুজুর প্রস্তু‌তি চলমান রয়েছে। মামলা দায়েরের পর আটক চারজনকে আদালতে সোপর্দ করা হবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত