পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান এবং অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এদিকে দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলার কারণ দেখিয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তার ছোট ভাই ওয়াহিদুজ্জামান ঢাকার ধানম-িতে দলটির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে মনিরুজ্জামান পুলিশের পোশাক পরিহিত অবস্থায় তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। তিনি লিখিত জবাব দিলেও ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেন। ২০২৪ সালে ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ১১ আগস্ট স্বেচ্ছায় অবসর চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে আবেদন করেন অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান। তবে ওই আবেদন সরকার গ্রহণ করেনি। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে গুরুদ- হিসেবে বাধ্যতামূলক অবসর দেয়।
এদিকে দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, সরকারি আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে সিনিয়র সচিব তানভীর-আল-নাসীফের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।