দেশে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে মৃত্যু হয়েছে তিনজনের। আর ঢাকা ও চট্টগ্রামে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৬৯ শিশু আক্রান্ত হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯২২ শিশু। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৭ জনের। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭৯৩ শিশু মারা গেছে।
গতকালের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৯০ শিশু, চট্টগ্রামে ৩২, ময়মনসিংহে ১১, বরিশালে ৯, রংপুর ৩ এবং সিলেট ও খুলনায় একজন করে হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া এই সময়ে ৮৮৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১১ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত মোট সন্দেহজনক হামের রোগীর সংখ্যা এক লাখ ১৮ হাজার ৫৭০। আর নিশ্চিত হামের রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৭৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ এক হাজার ২৬ রোগী, যাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।