দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৭:৪২ এএম

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. সাইদুর রহমান। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. সাইদুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। শর্তানুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী এক বছর মেয়াদে তিনি ভারতে বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লি মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত থাকবেন।

নতুন নিয়োগপ্রাপ্ত মিনিস্টার (প্রেস) মো. সাইদুর রহমান ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার ‘ক্রিয়েটিভ অ্যান্ড আর্টস’ এবং ‘ফ্যাক্ট চেকিং’ উপ-কমিটির সদস্য ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছাড়াও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নিয়োগের আগে সাইদুর দৈনিক ইত্তেফাকে ‘রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত