পাকিস্তানের শান্তি নষ্ট করছে ভারত, দাবি শেহবাজের

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৪:০০ এএম

এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তানে আবারও সন্ত্রাসবাদ ফিরিয়ে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, ভারত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে এবং পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করা হচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই) ‘বেলুচিস্তান ন্যাশনাল ওয়ার্কশপ’-এ অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে শেহবাজ শরীফ এসব কথা বলেন। এসময় তিনি রেকর্ড বিনিয়োগ ও স্বচ্ছ শাসনের মাধ্যমে বেলুচিস্তানের উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পাকিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ বেলুচিস্তানের সঙ্গে গভীরভাবে জড়িত এবং প্রদেশটির উন্নতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে কেন্দ্র সম্ভাব্য সব পদক্ষেপ নেবে।

ওয়ার্কশপে বক্তৃতাকালে শেহবাজ শরীফ বলেন, ২০১৭-১৮ সালের মধ্যে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ প্রায় সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এক চক্রান্তের মাধ্যমে তা আবার ফিরিয়ে আনা হয়েছে।

পাকিস্তানে সন্ত্রাসবাদের পেছনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, শান্তির বিরুদ্ধে কাজ করা উপাদানগুলোকে ভারত আর্থিক ও কূটনৈতিক সহায়তা দিচ্ছে। পাকিস্তানের সাম্প্রতিক সাফল্য শত্রুপক্ষকে অস্বস্তিতে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে প্রতিনিয়ত আফগানিস্তানের মাটি ব্যবহার করা হচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো যাতে আফগান ভূখণ্ড ব্যবহার করতে না পারে, সেজন্য আফগান কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হয়েছে। পাকিস্তান সমগ্র অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়। তবে বারবার কূটনৈতিক যোগাযোগের চেষ্টা করা সত্ত্বেও আফগান তালেবান সরকার তাদের ভূখণ্ড ব্যবহারে সন্ত্রাসীদের থামাতে ব্যর্থ হয়েছে।

সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেহবাজ শরীফ বলেন, জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে এ পর্যন্ত প্রায় ৯০ হাজার পাকিস্তানি শাহাদাত বরণ করেছেন। সম্প্রতি মাস্তুংয়ের সেশন জজ আবদুল হাকিম এবং আরেক কর্মকর্তার শাহাদাতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

দেশের সুরক্ষায় নিয়োজিত পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন এবং জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদকে পরাস্ত করতে জাতীয় ঐক্যের প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত