সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবিতে ইনকিলাব মঞ্চের মিছিল

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৮ এএম

রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়া মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল বিকেলে আয়োজিত মিছিল থেকে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারিও দেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের ভারপ্রাপ্ত মুখপাত্র আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে মিছিলটি শাহবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস সালাহ উদ্দিন আম্মারসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাপনী বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘সাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার গুম-খুনকে বৈধতা দিয়েছেন। ৫ আগস্টের পর তাকে অপসারণ করে বিচারের দাবি করা হলেও বিএনপি তা অগ্রাহ্য করেছে। আমরা চাই গণহত্যার একজন সহায়তাকারী হিসেবে তার বিচার করা হোক। তা না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।’

বিক্ষোভ সমাবেশে নেতারা মো. সাহাবুদ্দিনকে স্বৈরাচারের দোসর এবং শেখ হাসিনার সহযোগী ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বলেন, গণ্যঅভুত্থানে মৃত্যুর দায় তিনি কোনোভাবে এড়াতে পারবেন না। তার নীরবতার কারণে শেখ হাসিনা দিন দিন আরও বেশি ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। তার নীরবতার কারণে দেশে ডামি নির্বাচন হয়েছিল বলেও অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত