ডা. শফিকুর রহমান বললেন

ফেরেশতা নই, ভুল আমাদেরও হয়

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৬ এএম

জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না, আমরা কোনো অন্যায় করি না।

গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের মাল্টিপারপাস হলে সদস্য (রুকন) সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। কিন্তু আমরা আহ্বান জানিয়েছি, আমাদের অন্যায়-অপরাধ দেখলে আমাদের ধরিয়ে দেন, কথা দিচ্ছি আমরা সংশোধন করব।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, গায়ে যদি সাদা কাপড় থাকে, আপনাকে যতœশীল হতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয়, সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার চেষ্টা আমরা করব। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না, আমাদের কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার আহ্বান এলেও জনগণের রায়কে অস্বীকার করে সেখানে অংশ নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। জনদাবি আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বাংলাদেশের জুলাই আন্দোলনের স্পিরিট পৃথিবীর অনেক দেশে এখন প্রবাহিত হচ্ছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা নাক গলাতে চাই না। ওই দেশের জনগণ ঠিক করবে যে তাদের দেশের গতিপথটা কী হবে। একইভাবে আমরা এটাও চাই না যে কোনো দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক।

অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, নূরুল ইসলাম বুলবুল, মো. মোবারক হোসাইন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত