হরমুজ প্রণালির শর্ত না মানলে যুদ্ধবিরতি নয়: ইরান

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:০০ এএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি-সংক্রান্ত তাদের দাবি পূরণ না হলে কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না তেহরান।

শুক্রবার (২৪ জুলাই) তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যখনই ইরানকে ‘পরীক্ষা’ করার চেষ্টা করেছে, তখনই তারা ‘কঠোর জবাব’ পেয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন এখনও একই নীতি অনুসরণ করে যাচ্ছে।

কূটনৈতিক উদ্যোগ মধ্যস্থতাকারীর অভাবে থেমে আছে- এমন ধারণাও নাকচ করেন আরাঘচি। তিনি জানান, পাকিস্তান ও কাতার এখনও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ যোগাযোগে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

এর একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ইরানের বিরুদ্ধে আবারও বড় পরিসরের সামরিক অভিযান শুরুর বিষয়টি ‘গুরুত্বসহকারে বিবেচনা’ করছেন। তবে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলায় ইসরায়েল অংশ নিলে তার ‘পরিণতি’ হবে।

এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যম জানায়, নিরাপত্তা মূল্যায়নে সপ্তাহান্তে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বেড়েছে বলে মনে হওয়ায় তেল আবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় জনসাধারণের জন্য আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

এর আগে, ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করেছিলেন, ইরানের কৌশলগত অবকাঠামো ও শীর্ষ নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্র হামলা আরও বাড়ালে তেহরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে পারে।

সূত্র: সামা টিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত