দীর্ঘ দুই দশকের অপেক্ষা শেষে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হতে যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮৩তম ভেনিস উৎসবে এটি অরিজোন্তি কমপিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে। এটিই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা উৎসবটির মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হলো।
এক তরুণীর বিয়ের স্বপ্ন, শারীরিক জটিলতা এবং মনস্তাত্ত্বিক টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ জাইনীন করিম। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ ও সাবেরী আলমকে। আন্তর্জাতিক কলাকুশলীদের সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন পর্তুগালের লিওনর টেলস।
ভেনিস উৎসবে দেশের চলচ্চিত্রের এই ঐতিহাসিক প্রতিনিধিত্বকে স্বপ্নপূরণ হিসেবে উল্লেখ করেছেন নির্মাতা রুবাইয়াত। ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘৭২০ ডিগ্রিজ’ ভেনিসে নির্বাচিত হলেও, পূর্ণদৈর্ঘ্য ক্যাটাগরিতে রুবাইয়াতের এই অর্জন বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করল।