বিশে^র সর্বোচ্চ পর্বতটি আসলে নেপালে নয়, আমেরিকায় অবস্থিত। এটি ‘মাউনা কেয়া’। যা সুপ্ত আগ্নেয়গিরি। পানির নিচের ভিত্তি থেকে পরিমাপ করলে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত এটি। উচ্চতা প্রায় ১০,২১০ মিটার। এর মধ্যে প্রায় ৪,২১০ মিটার সমুদ্রপৃষ্ঠের ওপরে এবং প্রায় ৬,০০০ মিটার প্রশান্ত মহাসাগরের তলদেশে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের বিগ আইল্যান্ডে। এর শুষ্ক ও মেঘমুক্ত আবহাওয়া, মহাকাশ পর্যবেক্ষণের জন্য আদর্শ। এখানে পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় গবেষণামূলক টেলিস্কোপ স্থাপন করা হয়েছে। আর মাউন্ট এভারেস্টের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার। স্থানীয় হাওয়াইয়ান
সংস্কৃতির মানুষের কাছে ‘মাউনা কেয়া’ পর্বতটি অত্যন্ত পবিত্র ও দেবতাদের আবাসস্থল হিসেবে বিবেচিত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, মাউনা কেয়া আকাশ ও পৃথিবীর মিলনস্থল। এখানে সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল প্রায় ৪,৬০০ বছর আগে। উচ্চতা অনেক বেশি হওয়ায়, বায়ুমণ্ডলের বেশিরভাগ জলীয়বাষ্পের স্তর একে অতিক্রম করে যায়। ফলে আকাশ থাকে শুষ্ক ও মেঘমুক্ত। এই অনুকূল পরিবেশের জন্য, মাওনা কেয়ার শিখরে এক ডজনেরও বেশি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান মানমন্দির রয়েছে। মানমন্দিরগুলো পৃথিবীর সবচেয়ে বড় এবং উন্নত। ঐতিহ্যগতভাবে শুধু উচ্চ পদমর্যাদার নেতারা, এর চূড়ায় যেতে পারতেন। এর শীর্ষে একসময় হিমবাহ ছিল। যে কারণে ‘লেক ওয়াউ’ নামে ছোট আলপাইন হ্রদ রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ‘মাউনা কেয়া’য় বিস্ফোরণ হতে পারে যে কোনো সময়।
