রাশিয়ার 'অ্যামাজন' ধ্বংস করতে ইউক্রেনের হামলা, নিহত ২

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

রাশিয়ার ভলগা নদী তীরবর্তী একাধিক অঞ্চলে ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ–এর একটি গুদামও। সূত্র রয়টার্স। 

রবিবার (২ আগস্ট) রাশিয়ার আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর ইউক্রেনের ছোড়া ৬৩৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ জানান, ইউক্রেনীয় ড্রোনগুলো সামারা অঞ্চলে ওয়াইল্ডবেরিজের একটি গুদামে হামলা চালায়। অঞ্চলটি ইউক্রেনের নিয়ন্ত্রিত সামনের সারির অবস্থান থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে। তবে ওই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনও যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে আরও গভীরে ড্রোন হামলা জোরদার করেছে। বিশেষ করে অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে, যাতে মস্কোর যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১৮ জুলাই থেকে ইউক্রেন ওয়াইল্ডবেরিজের প্রায় এক ডজন স্থাপনায় হামলা চালিয়েছে। রাশিয়ার ভোক্তা অর্থনীতির অন্যতম প্রধান এই প্রতিষ্ঠানটিকে অনেকেই দেশটির ‘অ্যামাজন’ হিসেবে উল্লেখ করেন। কোম্পানিটির কার্যক্রম ব্যাহত করাই এসব হামলার উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, পাশের সারাতভ অঞ্চলের এঙ্গেলস শহরের একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর রোমান বুসারগিন। তিনি জানান, এঙ্গেলস ও সারাতভ—উভয় শহরেই বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

সারাতভ শহরে রাশিয়ার একটি বড় তেল শোধনাগার রয়েছে। আর এঙ্গেলসে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটি। সাম্প্রতিক বছরগুলোতে এই দুই শহরই একাধিকবার ইউক্রেনের ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

তবে এসব হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত