সাবেক প্রেমিক হৃতিককে শাসালেন কঙ্গনা

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম

এক সময় চুটিয়ে প্রেম করতেন বলিউড তারকা হৃতিক রোশন ও কঙ্গনা রানাউত। সেই সম্পর্ক ভেঙে দুজনের মধ্যে তৈরি হয় অনেক দুরত্ব। সেই পুরোনো দ্বন্দ্ব আবারও সামনে এসেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হৃতিককে ঘিরে একটি বিতর্কিত আলোচনা শুরু হলে, তা নিয়ে মন্তব্য করেন অভিনেতা। এরপরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা। 

ইনস্টাগ্রাম স্টোরিতে হৃতিককে উদ্দেশ্য করে কঙ্গনা লেখেন, হৃতিক ও তার বর্তমান সঙ্গী সাবা আজাদের সম্পর্ক নিয়ে তিনি খুশি এবং তাদের জুটি ভালো মানায়। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে কোনো নারীকে কটাক্ষ করা বা পরোক্ষভাবে আক্রমণের সুযোগ তৈরি করা একজন তারকার জন্য মানানসই নয়।

কঙ্গনার দাবি, হৃতিকের নাম ব্যবহার করে অনেকেই দীর্ঘদিন ধরে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও হয়রানি করে আসছেন। তাঁর মতে, হৃতিকের উচিত এই ধরনের আচরণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া। কড়া ভাষায় কঙ্গনা লেখেন, ‘আগুনে ঘি ঢালা বন্ধ করুন এবং নিজের সঙ্গীকে লজ্জায় ফেলবেন না।’ তিনি আশা প্রকাশ করেন, এবার হৃতিক বিষয়টি বুঝে দায়িত্বশীল ভূমিকা নেবেন। 

ঘটনার সূত্রপাত হয় যখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডি একটি পোস্টে লেখেন, হৃতিক রোশনের কাছে ক্ষমা চাওয়া উচিত। সেই পোস্টে হৃতিক মন্তব্য করেন, শুধু কাউকে পছন্দ না করার কারণে অন্য কারও পক্ষ নেওয়া সমাজের একটি বড় সমস্যার অংশ। তিনি আরও বলেন, সঠিক তথ্য ও প্রেক্ষাপট সামনে আসার অপেক্ষায় থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত