মিরসরাই

মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল ইমাম-মুয়াজ্জিনের

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়নাল আবেদিন দরগাহপাড়া জামে মসজিদের ইমাম ও উপজেলার দরগাপাড়া গ্রামের এলাকার জহির উদ্দিন (৫২), এবং একই মসজিদের মুয়াজ্জিন ও চরশরৎ এলাকার জয়নাল আবেদিন (৩৫)।

স্থানীয়রা জানায়, মিরসরাইয়ের বারইয়ারহাট জরুরি একটি কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। পথে চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাফায়াত হোসেন বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত