পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘৩৬ জুলাই’ দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের ফল। ছাত্র, শিক্ষক, কবি-সাহিত্যিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মাধ্যমে সেই আন্দোলনের পরিণতি ঘটে।
আজ রবিবার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জাগ্রত জুলাই ফোরাম আয়োজিত ‘শহীদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আলহাজ আহমেদ জীবন।
পানি সম্পদমন্ত্রী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দিয়ে শহীদরা জাতিকে ঋণী করে গেছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে মতভেদ নয়, ভিন্নমতের প্রতি শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তুলতে হবে। গণতন্ত্রের সৌন্দর্য গঠনমূলক সমালোচনায় নিহিত উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের প্রশ্নে কোনো আপস হবে না এবং জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহীদুল আলম।
