পঞ্চগড়ে খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট করার অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও আলোয়াখোয়া ইউপির চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন আইনগত ব্যবস্থা।
এতে সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে সময় সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সুত্রমতে, সম্প্রতি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি উপজেলা প্রশাসনে প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, ১ হাজার ১৫৪ টি গাছ রোপনের কথা থাকলেও ৬০৫ টি গাছ রোপন করা হয়েছে।
রিংপাইপ স্থাপনের কথা ৩৬০ মিটার,স্থাপন করা হয়েছে ৭৮ মিটার,খাল খনন ধরা হয়েছে ৬০৫ মিটার দৈর্ঘ কিন্তু ৫১৫ মিটারে কাজ শেষ করা হয়েছে।
দৈর্ঘ্য ৮ মিটার প্রস্থ ২ মিটার করে দুইটি সেতু নির্মাণের জন্য ১০ লাখ ৫০ হাজার ৮৫৪ টাকা বরাদ্দ থাকলেও কোন ডিজাইন নাই সেতু নির্মাণে।প্রতিবেদনে উল্লেখ করা হয়নি শ্রমিকের তালিকায় ছয়জন গ্রাম পুলিশের নামের বিষয়ে।
এর আগে দৈনিক দেশরূপান্তরসহ বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় খাল খননের অনিয়ম বিষয়ে সংবাদ প্রকাশ হয়। পরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলীকে (এলজিইডি) আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ফজলুল হক বলেন,খাল খনন কাজ চলমান। কাজ যতটুকু বুঝে পাওয়া যাবে, ঠিক ততটুকুই বিল প্রদান করা হবে। শ্রমিকের তালিকায় গ্রাম পুলিশের নামের বিষয়ে চেয়ারম্যানকে মৌখিকভাবে বলা হয়েছে। টাকা ফেরত দিতে চেয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন,তদন্ত কমিটি কিছু সুপারিশ করেছে, সে বিষয়টি আমরা দেখব।আর কাজ যেহেতু চলমান, দেখে বিল প্রদান করা হবে। তার পরেই জানতে পারবেন কোথায় কি খরচ হয়েছে।কত টাকা ফেরত দিচ্ছি।
সংবাদে উল্লেখ করা হয়েছিল বর্তমান সরকারের ইজিপিপি কর্মসুচির আওতায় খাল খনন প্রকল্পের আওতায় আটোয়ারী উপজেলায় বাগডোকরা পুরাডাঙ্গি পুল হতে পশ্চিমে আব্বাস আলীর জমি পর্যন্ত ৬০৫ মিটার খাল পুনঃখননে বরাদ্দ আসে ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা। খালটির গাছ রোপনের জন্য ৪ লাখ ৬১ হাজার ৬০০ টাকা। রিংপাইপের ৬ লাখ ৪৭ হাজার ৪৯৬ টাকা বরাদ্দ দেওয়া হয়।
প্রকল্পের সভাপতি পরিষদের ইউপি সদস্য করুনা পাল। তার দাবি সে নামেই সভাপতি, কাজ করেছেন চেয়ারম্যান।আমাকে কোনদিন দেখতে যাইতে হয়নি। চেয়ারম্যান আমার চেকের পাতায় স্বাক্ষর করে নিয়েছিল। কয়েকদিন পরে দেখছি মোবাইলে মেসেজ ২৪ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। চেয়ারম্যান এটাও বলেছিল প্রকল্পে সভাপতির নাম তোমার, তবে এটাতে কোন লাভ নাই শুধু কাজটা করে দিতে হবে।
