রাজধানীর উত্তরখানের এসটিএস এলাকায় দায়িত্ব পালনরত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর।
রবিবার (২ আগস্ট) সকালে স্থানীয় কিছু দুর্বৃত্ত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালায়। খবর পেয়ে প্রশাসক ও সংসদ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক হামলার ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। একই সঙ্গে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।
পরে ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান। সেখানে তাঁরা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
