বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে ভুয়া মাইগ্রেশন এজেন্টরা। এ বিষয়ে অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহীদের সতর্ক করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।
শনিবার (৮ আগস্ট) এক বার্তায় হাইকমিশন এ সতর্কবার্তা দেয়।
হাইকমিশন বলছে, অস্ট্রেলিয়ার ভিসাসংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার নির্ভরযোগ্য উপায় হলো অস্ট্রেলিয়ায় নিবন্ধিত কোনো মাইগ্রেশন এজেন্টের সেবা নেওয়া। নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন। এ ছাড়া অস্ট্রেলীয় আইনজীবীর কাছ থেকেও পরামর্শ নেওয়া যেতে পারে।
নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টদের নির্দিষ্ট আচরণবিধি মেনে চলতে হয়। তাঁদের নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদণ্ডও পূরণ করতে হয়। তাঁরা যে সেবা দেবেন এবং এর জন্য কত খরচ হবে, তা লিখিতভাবে জানাতে হয়। একই সঙ্গে সেবার জন্য ন্যায্য ও যুক্তিসংগত ফি নেওয়া এবং ভিসা আবেদনের ফলাফল দ্রুত জানানো তাঁদের দায়িত্ব।
একজন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম সম্পর্কে জানতে https://www.mara.gov.au/get-help-visa-subsite/FIles/consumer_guide_bengali.pdf এই ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে হাইকমিশন।
