বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন হেড

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:৩৭ এএম

২২ বছর পর ডারউইনে টেস্ট ক্রিকেট ফিরছে। আগামী ১৩ আগস্ট বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হবে নর্দান টেরিটরির এ শহরে। ডারউইনে টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন ঘিরে তাই উৎসবের আমেজ। এক মাস আগে অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে দিয়ে শুরু হয়েছিল ক্ষণগণনা। এবার সেই অপেক্ষার শেষ প্রান্তেএসে পৌঁছেছেন স্বাগতিকরা।

সিরিজ সামনে রেখে ডারউইনে পৌঁছে গতকাল প্রথমবারের মতো অনুশীলনে নামে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এ অনুশীলন দেখতে স্থানীয় সমর্থকদেরও ছিল বেশ আগ্রহ। তবে উৎসবের আবহের মাঝেও প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে যথেষ্ট সতর্ক ট্রাভিস হেডরা। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন অস্ট্রেলিয়ান ওপেনার, ‘বাংলাদেশ দলও শক্তিশালী। আমরা এর আগেও এমন কন্ডিশনে খেলেছি। তবে আমাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী সেরা খেলাটাই খেলতে হবে।’

সর্বশেষ জুন মাসে বাংলাদেশ সফর করে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর মাঠে নামেনি অস্ট্রেলিয়া। অজিরা সর্বশেষ টেস্ট খেলেছেন ৭ মাস আগে, চলতি বছরের শুরুতে অ্যাশেজের লড়াইয়ে। এবার ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের এ সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক মঞ্চে ফিরবেন তারা।

উল্টো চিত্র নাজমুল হোসেন শান্তর দলের। টানা খেলার মধ্যে রয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে ভালো করতে না পারলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। এ জন্য বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন বলে মন্তব্য করেন হেড, ‘বেশ ভালো একটা বিরতি পেয়েছি। ছেলেরা সবাই তরতাজা আছে। এখানে আসার আগে আমরা ব্রিসবেনে ভালো একটা সপ্তাহ কাটিয়েছি। সেখানে ট্রেনিং খুব ভালো ও চ্যালেঞ্জিং ছিল।’

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্টে খুব বেশি মুখোমুখি হয় না। ২০০৩ সালের পর দুবার অজিরা বাংলাদেশে টেস্ট খেলতে এলেও ২০১৭ সালের পর আর দেখা হয়নি। এ জন্য শান্তদের সম্পর্কে ধারণা পেতে ভিডিও ফুটেজের ওপর নির্ভর করছেন স্বাগতিকরা। এ নিয়ে হেড বলেন, ‘আমাদের দলের অ্যানালিস্ট খুবই দক্ষ। আমরা অনেক ফুটেজ দেখেছি। আগামী কয়েক দিনের মধ্যে উইকেট দেখে আমরা সে অনুযায়ী প্রস্তুতি নেব।’

ডারউইন সম্পর্কেও খুব বেশি ধারণা নেই হেডদের। এ মাঠে অজিরা সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৪ সালে। তবে সেখানকার আবহাওয়া ও কন্ডিশনের জন্য স্পিনাররা কিছুটা সুবিধা পান। এ জন্য দীর্ঘদিন পর চোট কাটিয়ে দলে ফেরা নাথান লায়নকে পেয়ে উচ্ছ্বসিত হেড, ‘সে খুব ভালোভাবেই ফিরেছে এবং নিজের কাজ নিয়ে বেশ সিরিয়াস। ভালোভাবেই সেরে উঠেছে। যেহেতু অনেক দিন মাঠের বাইরে ছিল, তাই দলে ফেরার জন্য সবার চেয়ে বেশি আগ্রহী। সে বেশ ভালো বোলিং করছে এবং ছন্দেও আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত