বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-ফিফায় এক নজিরবিহীন সংকট ও গৃহযুদ্ধ তৈরি হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর ‘আস্থা হারিয়ে’ বিকল্প ও প্রতিদ্বন্দ্বী টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে ইউরোপীয় ফুটবলের সংস্থা (উয়েফা), উত্তর ও মধ্য আমেরিকা ফুটবল সংস্থা (কনকাকাফ) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বিশ্বকাপের স্বত্ব ও অংশীদারত্ব বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ফিফা সভাপতির বিরুদ্ধে এই তিন মহাদেশীয় ফুটবল সংস্থা একজোট হয়ে বিদ্রোহের ডাক দিয়েছে।
উয়েফা ইতিমধ্যে ফিফার ইভেন্ট বয়কটের হুমকি দিয়ে রেখেছে। এ বয়কট কার্যকর হলে যাতে খেলোয়াড়রা অর্থপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। সে জন্য বিকল্প টুর্নামেন্ট তৈরির প্রাথমিক আলোচনা শুরু করেছেন উয়েফা, কনকাকাফ ও এএফসির শীর্ষ নেতারা। যদিও এসব প্রতিযোগিতা নিয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতে, ইনফান্তিনোর একচ্ছত্র আধিপত্য ও সিদ্ধান্তের বিপরীতে কোনো বিকল্পই টেবিলের বাইরে রাখা হচ্ছে না। সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ থেকেই এ বয়কট শুরু হতে পারে, যেখানে ইংল্যান্ডসহ বেশ কয়েকটি ইউরোপীয় দল অংশ নেওয়ার কথা রয়েছে।
