অস্ট্রেলিয়ায় গর্বের সিরিজে সেরাটা দিতে চান তাসকিন

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:৩৮ এএম

লিটন দাসকে নিয়ে সুখবর মিলেছে। অস্ট্রেলিয়ার ডারউইন থেকে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, গতকাল দলের অন্য সদস্যদের সঙ্গে পুরোদমে ব্যাটিং-বোলিং-কিপিং অনুশীলন করেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটার। কাফ মাসলের চোটের জায়গায় কোনো ব্যথা নেই, আজ ফিটনেস টেস্ট দেবেন তিনি। বাশার আশাবাদী, অজিদের বিপক্ষে ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের একাদশে দেখা যাবে লিটনকে।

গত জুনে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পান লিটন। এরপর দীর্ঘদিন মাঠের বাইরে আছেন তিনি। তার অনুপস্থিতি ভালোই ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। এই ব্যাটার ফেরার সঙ্গে তার খেলা সর্বশেষ সিরিজ জয় থেকে আত্মবিশ্বাস খুঁজছেন লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল অনুশীলন শেষে ডানহাতি পেসার তাসকিন আহমেদ বলেন, ‘ওই সিরিজটা আমাদের জন্য সত্যি অসাধারণ একটা স্মৃতি। আমরা চমৎকার ক্রিকেট খেলে অস্ট্রেলিয়াকে হারাই, যা এবার ওদের মুখোমুখি হওয়ার আগে আমাদের অনেক আত্মবিশ্বাস দিচ্ছে। তবে এটিও ঠিক, ঘরের মাঠ আর বিদেশের মাটিতে খেলার মধ্যে আকাশ-পাতাল তফাত থাকে।’

এ বাস্তবতা উপলব্ধি করতে পেরেছেন তাসকিনরা। প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে জিম্বাবুয়ে সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ কোনোরকমভাবে জিতলেও একমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজে প্রতিরোধ গড়তে পারেননি নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। এবার অস্ট্রেলিয়ায় গিয়েও প্রস্তুতিটা ঠিকঠাক হয়নি তাদের। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়।

তবে মূল সিরিজে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তাসকিন, ‘অনুশীলন ম্যাচটায় হেরে যাওয়ার পর মনটা যে খুব একটা ভালো ছিল না, সেটি তো আর বলার অপেক্ষা রাখে না। তবে ক্রিকেটে তো এমনটি হয়েই থাকে। আমরা এখনো চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। হেরে গেলেও মূল ম্যাচের প্রস্তুতি হিসেবে অভিজ্ঞতাটা কিন্তু খারাপ হয়নি। মূল লড়াইয়ে ভালো কিছু করতে পারব বলেই আমাদের বিশ্বাস।’

অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট খেলতে নামার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে এ ডানহাতি পেসারের, ‘এখন পর্যন্ত সব চমৎকার যাচ্ছে। ডারউইনে আমি এ প্রথম এলাম। আবহাওয়াটাও বেশ সুন্দর, আমাদের বাংলাদেশের মতোই বেশ গরম আর আরামদায়ক। অস্ট্রেলিয়ায় আগে কয়েকবার আসা হলেও ডারউইনে আসা কিংবা টেস্ট সিরিজের জন্য আসা, দুটোই আমার জন্য প্রথমবার। তাই পুরো ব্যাপারটা বেশ উপভোগ করছি, মুখিয়ে আছি বলা যায়।’

ডারউইনে মাঠে নামার আগে মিরপুরে ওয়ানডে সিরিজ জয় থেকে আত্মবিশ্বাস খুঁজলেও ধাক্কা খেতে হচ্ছে বাংলাদেশ দলকে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান ছিল গতি তারকা নাহিদ রানার। কিন্তু চোটের কারণে টেস্টে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। এ নিয়ে আক্ষেপ ঝরল তাসকিনের কণ্ঠে, ‘সত্যি বলতেÑ এ সিরিজটি নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম, বিশেষ করে নাহিদ রানাকে নিয়ে। ছেলেটার ভেতরে অনেক সম্ভাবনা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ও খেলতে পারছে না।’

এসব ছাপিয়ে নিজেদের শতভাগ নিংড়ে অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জে ফেলার প্রত্যয় তাসকিনের কণ্ঠে, ‘সত্যি বলতেÑ অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে আমরা সত্যি সম্মানিত। কোনো সন্দেহ নেই যে ওরা বিশ্বের অন্যতম সেরা দল। ওদের মাটিতে এসে ওদের বিপক্ষেই টেস্ট খেলা আমাদের জন্য অনেক বড় এক গর্বের বিষয়। আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব। সিরিজটা যে একদমই সহজ হবে না, সেটি জানি। তবে তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ কিছু করার ব্যাপারে আমরা আশাবাদী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত