বাংলাদেশ হকি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভায় আগামী ৯০ দিনের মধ্যে ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তুলে আনা, ঘরোয়া লিগ নিয়মিত আয়োজন এবং দেশের হকির সামগ্রিক উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার তেজগাঁওয়ের বিমানবাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সভায় ১২টি সাব-কমিটি অনুমোদন দেওয়া হয়।
সভা শুরুর আগে বাংলাদেশের হকির কিংবদন্তি খেলোয়াড় মরহুম আব্দুস সাদেকের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয়। তার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন সভায় উপস্থিত সদস্যরা। সভায় ফেডারেশনের পূর্ববর্তী সভাগুলোর কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি আগামী দিনের বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে। দেশের হকির উন্নয়নে তৃণমূল পর্যায়কে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে নতুন খেলোয়াড় তৈরির জন্য বিভিন্ন সাব-কমিটি গঠন এবং প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়।
দীর্ঘদিন ধরে ঘরোয়া হকিতে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন নিয়ে যে সংকট রয়েছে, তা কাটিয়ে উঠতেও গুরুত্ব দেওয়া হয়েছে সভায়। ঘরোয়া লিগগুলো নিয়মিত আয়োজনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করা গেলে খেলোয়াড়দের খেলার মধ্যে রাখার পাশাপাশি জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরির পথও আরও সহজ হবে।
তবে সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল ফেডারেশনের নির্বাচন। হকি ফেডারেশনে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব দেন সভাপতি। আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।
