বাংলাদেশের দুর্ভাগ্য যে নাহিদ রানা নেই

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:৪০ এএম

আলোচনার শুরুতেই শর্ত বেঁধে দেন, মোবাইলে স্টপওয়াচ চালু না করলে কিছুতেই কথা বলবেন না ডেভ হোয়াটমোর। বিরামঘড়ি দেখে নিজের কথাও এগিয়ে নিলেন তিনি। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। তার সময়েই আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান হয় লাল-সবুজের প্রতিনিধিদের। এবার মালয়েশিয়ার দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন। তরিকুল ইসলাম সজলকে দেওয়া সাক্ষাৎকারে অতীতের কথা ভেবে যেমন আবেগতাড়িতও হলেন, তেমনি গতি তারকা নাহিদ রানার জন্যও আক্ষেপ করলেন।

জাতীয় দল নিয়েও বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে ভরাডুবি মালয়েশিয়ার। কোচ হিসেবে এটা কীভাবে মূল্যায়ন করছেন?

ডেভ হোয়াটমোর : পারফরম্যান্সের ক্ষেত্রে অবশ্যই পার্থক্য আছে। যখন আপনি ৬৩ রানে (প্রথম ম্যাচে) অলআউট হয়ে যান, তখন প্রতিপক্ষের প্রশংসা করতে হবে। তবে ইমার্জিং দলের বিপক্ষে বোলাররা ভালো করেছে। এতে আমি বেশ খুশি। ব্যাটিং বিভাগে অবশ্য আমরা বেশ হতাশ হয়েছি।

আপনার কোচিং আমলেই মিরপুরে ক্রিকেট শুরু হয়। এখানকার উইকেট বেশ আলোচিত। আপনি কেমন দেখলেন?

হোয়াটমোর : উইকেট দেখতে ভালো। তবে প্রথম ইনিংসে গড় স্কোরটা আপনি যতটা বড় ভাবছেন, আসলে ততটা নয়। যে ধরনের উইকেটে খেলা হয়েছে, এটি প্রায় ১৫০ রানের মতো, যেটিকে ভালো বা পাসিং স্কোর বলা যায়। এটাকে আপনি খারাপ বলতে পারেন না।

জাতীয় দলের পর বিপিএলের একটি দলের পরামর্শক হয়েও আপনি বাংলাদেশে এসেছেন। তখনকার সঙ্গে এখনকার ক্রিকেট সংস্কৃতির কতটা পরিবর্তন হয়েছে?

হোয়াটমোর : এটি সবসময়ই উন্নতির দিকে যাচ্ছে। প্রথমত, বাংলাদেশসহ পূর্ণ সদস্য দেশগুলো এখন ভালো সমর্থন পাচ্ছে, ভালো আয় করছে এবং সেই অর্থ বুদ্ধিমানের সঙ্গে ব্যয়ও করছে। এ কারণেই আপনি হাই-পারফরম্যান্স কার্যক্রমের উন্নতি দেখতে পাচ্ছেন। এখন অনূর্ধ্ব-২৩ দল আছে, ‘এ’ দল খেলছে, জাতীয় দল খেলছে। ফলে অনেক খেলোয়াড়ই এখন প্রতিযোগিতার মধ্যে রয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড়ও আছে। এখানে যা হচ্ছে, তা ভালোই। আমি অবশ্য খুঁটিনাটি জানি না, তবে বাইরে থেকে সবকিছু দেখলে আপনার মনে হবে, বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে।

আপনার প্রিয় ছাত্রদের একজন তামিম ইকবাল। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে। তার সঙ্গে কথা হয়?

হোয়াটমোর : হ্যাঁ, তামিম ক্রিকেট বোর্ডের নির্বাচনে জেতার পর আমি তাকে অভিনন্দন জানিয়ে একটি মেসেজ করেছিলাম। সে আমাকে ধন্যবাদ জানিয়ে উত্তরও দিয়েছিল।

আপনার সময়ে জাতীয় দলে খেলা অনেক ক্রিকেটারই বিসিবির বিভিন্ন দায়িত্বে আছেন। তাদের সঙ্গে যোগাযোগ আছে?

হোয়াটমোর : এসব দেখলে খুব, খুবই ভালো লাগে। আমি সত্যিই খুশি। হাবিবুল বাশারের সঙ্গে মাঝে মাঝে ছোটখাটো মেসেজ আদান-প্রদান হয়। সে আমাকে সামাজিক মাধ্যমে দেখে, আমিও তাকে দেখি। এরপর হালকা-পাতলা কথাবার্তা হয়। দলের সঙ্গে কাটানো সময়গুলো তো চোখের পলকেই শেষ হয়ে যায়! তবে এখন তাদের এগিয়ে যেতে এবং বিভিন্নভাবে উন্নতি করতে দেখে ভালো লাগে। হাবিবুল বাশারের নির্বাচক হিসেবে এটি দ্বিতীয় মেয়াদ, তাই না? আমি বিশ্বাস করি, সে ভালো করবে। শাহরিয়ার নাফীসও ক্রিকেট বোর্ডে ভালো করছে মনে হয়। এভাবে অনেকেই ক্রিকেটের সঙ্গে বিভিন্ন ভূমিকায় যুক্ত হচ্ছে। এটা দেখতে সত্যিই ভালো লাগে। কিছুটা আবেগতাড়িতও হয়ে যাই।

বাংলাদেশ দলের খেলা নিয়মিত দেখেন?

হোয়াটমোর : না, আমি বর্তমানে আমার কাজ নিয়ে খুব ব্যস্ত, তারাও নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তাদের ফিল সিমন্সের মতো একজন ভালো কোচ আছেন। তাদের বিভিন্ন কর্মসূচিও ভালোভাবে চলছে। জাতীয় দল জিম্বাবুয়েতে হয়তো খুব ভালো করতে পারেনি, তবে টি-টোয়েন্টি জিতেছে। সেখান থেকেও নিশ্চয়ই কিছু পাওয়ার আছে। সব সময় সবকিছু সহজ হয় না। তবে আমি যেটা দেখছি, তাতে মনে হচ্ছে তারা সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।

২৩ বছর পর বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গেছে। এর আগে গেছে ২০০৩ সালে। তখন আপনি প্রধান কোচ ছিলেন। সেই সময়ের কথা মনে পড়ে আপনার?

ডেভ : হ্যাঁ, ডারউইনে খেলার কথা মনে আছে। সেখানে তারা খুব বেশি ক্রিকেট খেলে না, তবে উইকেটটি ভালো। হাবিবুল বাশার ফিফটি করেছিল। অন্য ছেলেরা অবশ্য খুব একটা ভালো করতে পারেনি। সেখানে গিয়ে দল এবার প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হয়ে গেছে! আশা করি উইকেটটা ঠিক আছে! তবে এটি একটি প্রস্তুতি ম্যাচ মাত্র। যদিও সামনে প্যাট কামিন্স, মিচেল স্টার্কের মতো বোলারদের মোকাবিলা করতে হবে।

আপনি মনে করেন, এবার বাংলাদেশ আগের চেয়ে ভালো করবে?

হোয়াটমোর : তারা বেশ কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেট ভালো খেলছে। বাংলাদেশ দলের দুর্ভাগ্য যে, নাহিদ রানা সেখানে নেই। প্রতিপক্ষ অবশ্যই তাদের ওপর চাপ তৈরি করবে। তবে যেকোনো কিছুর মতো এখানেও আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি নিশ্চিত, তারা সেটাই করছে। আমরা সবাই চাই বাংলাদেশ যেন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে। আমরা সবাই আশা করি, তারা সেটি করে দেখাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত