অত্যন্ত সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব থেকে ঝুঁকিপূর্ণ পাখির প্রজাতিগুলোকে রক্ষা করতে টিকাদান কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপির।
বিশ্বজুড়ে এইচ৫ বার্ড ফ্লু ভাইরাসের তাণ্ডবে গৃহপালিত হাঁস-মুরগি এবং বন্য পাখির বিপুল মৃত্যু ঘটেছে। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াই ছিল পৃথিবীর একমাত্র মহাদেশীয় ভূখণ্ড, যা এই প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ থেকে সম্পূর্ণ মুক্ত ছিল।
তবে গত জুনে একটি পরিযায়ী সামুদ্রিক পাখির দেহে প্রথমবার এই ভাইরাস শনাক্ত হয়। এরপর গত সপ্তাহে দেশটির সরকার বন্যপ্রাণীর মধ্যে ব্যাপক পাখি মৃত্যুর ঘটনা নিশ্চিত করে।
পরিস্থিতি মোকাবিলায় বন্য ও বন্দি—উভয় ধরনের পাখির জন্য লক্ষ্যভিত্তিক টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরিবেশমন্ত্রী মারে ওয়াট জানান, বন্য পাখিদের টিকা দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ এর জন্য দুটি ডোজ প্রয়োজন। বন্য পাখিকে দুবার ধরা প্রায় অসম্ভব হলেও সম্ভব সাপেক্ষে এ চেষ্টা চালানো হবে। তবে অগ্রাধিকার দেওয়া হবে বন্দি অবস্থায় থাকা পাখিদের।
কৃষিমন্ত্রী জুলি কলিন্স সতর্ক করে বলেছেন, ভাইরাসটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে ব্যাপক পাখি মৃত্যুর পরিস্থিতির জন্য দেশকে প্রস্তুত থাকতে হবে।
তিনি জানান, বিশেষ করে জলচর, তীরবর্তী, সামুদ্রিক ও শিকারি পাখিরা এই ভাইরাসের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
সোমবার পর্যন্ত দেশটিতে ২৩১টি নিশ্চিত বা সম্ভাব্য সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। যদিও হাঁস-মুরগির খামারে এখন পর্যন্ত কোনো সংক্রমণ মেলেনি।
অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক বন্য পাখি এবং ৮৩ শতাংশ স্তন্যপায়ী প্রাণী পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, ফলে এই সংক্রমণ দেশটির অনন্য জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।
