ক্ষমা ও জীবিকায় বরকত লাভের দোয়া

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১২:৪২ এএম

দোয়া শক্তিশালী ইবাদত। এর গুরুত্ব অপরিসীম। দোয়া হলো বান্দা ও আল্লাহর মধ্যে অন্তরঙ্গ আলাপ, হৃদয়ের গভীর থেকে আসা মিনতি ও আশা। দোয়া হলো দৃঢ় ইমানের প্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ এবং মহান আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতার স্বীকৃতি। পবিত্র কোরআনে বহুবার বান্দাদের দোয়ার মাধ্যমে মহান আল্লাহকে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। দোয়া এমন এক ইবাদত, যা মুমিনের জীবনে আনন্দ, শান্তি, সাহস ও আশার উৎস হয়ে ওঠে। এমন এক দোয়া আছে, যা একসঙ্গে ব্যক্তির গুনাহের ক্ষমা, জীবিকায় বরকত এবং ঘরে প্রশস্তি আনে।

দোয়া : ‘আল্লাহুম্মাগফির লি জাম্বি, ওয়া ওয়াসসি লি ফি দারি, ওয়া বারিক লি ফিমা রাজাকতানি।’ অর্থাৎ হে আল্লাহ! আমার গুনাহ ক্ষমা করুন, আমার আবাসস্থল প্রশস্ত করুন এবং আমার রিজিকে বরকত দান করুন।

এই দোয়া সম্পর্কে হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল, আজ রাতে আমি আপনার দোয়া শুনেছি। আমি তা  থেকে যা মনে রাখতে পেরেছি তা এই যে, আপনি বলেছেন, ‘হে আল্লাহ! আমার গুনাহ ক্ষমা করুন, আমার আবাসস্থল প্রশস্ত করুন এবং আমার রিজিকে বরকত দান করুন।’ রাসুলুল্লাহ (সা.) বললেন, তুমি কি মনে করো যে, এ দোয়াটি কোনো বিষয় বাদ দিয়েছে? (সুনানে তিরমিজি ৩৫০০)

এ দোয়াটি এতই পরিপূর্ণ যে, এটি দুনিয়া ও আখেরাতের সব চাহিদা পূরণ করে। এ দোয়ার মূল বিষয় তিনটি। এক. গুনাহের ক্ষমা প্রার্থনা করা। রাসুল (সা.) বলতেন, ‘হে লোকেরা! তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি দিনে ১০০ বারও তাওবা করি।’ (সহিহ মুসলিম ২৭০২) দুই. ঘরের প্রশস্ততা কামনা করা। দোয়ায় ‘দার’ বলতে শুধু ঘর নয়, জীবনের সব ক্ষেত্র (স্বাস্থ্য, সময়, সম্পর্ক) অন্তর্ভুক্ত। তিন. রিজিকে বরকত কামনা করা। মহান আল্লাহ বলেন, ‘আমি যাকে ইচ্ছা সচ্ছলতা দিই, আর যাকে ইচ্ছা সীমিত রিজিক দিই।’ (সুরা সাবা ৩৬)

বরকত মানে কম সম্পদেও তৃপ্তি ও কল্যাণ। সুতরাং আমাদের গুনাহ মাফ, ঘরের প্রশস্তি এবং জীবিকায় বরকত লাভের জন্য উল্লিখিত দোয়াটি খুবই কার্যকর। মহান আল্লাহ আমাদের এই দোয়া বেশি বেশি পড়ার তওফিক দান করুন। আমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত