সফর মানুষের নিত্যদিনের জীবনেরই একটি অংশ। কর্মস্থল, শিক্ষা, চিকিৎসা কিংবা প্রয়োজনীয় কাজে প্রতিদিন অসংখ্য মানুষ নানা ধরনের যানবাহনে চলাচল করে। পথ সবসময় নিরাপদ হয় না। অপ্রত্যাশিত বিপদ যেকোনো সময় সামনে আসতে পারে। তাই যাত্রা শুরুর আগে মহান আল্লাহর ওপর ভরসা করা এবং তার কাছে নিরাপত্তা চাওয়া মুমিনের গুরুত্বপূর্ণ আমল। রাসুল (সা.)-এর হাদিস থেকে আমরা এ সংক্রান্ত কয়েকটি দোয়া শিখে নিতে পারি।
রাসুল (সা.) বাড়ি থেকে বের হওয়ার সময় বিশেষ দোয়া পড়ার কথা বলেছেন। এতে বাইরে অবস্থানের সারাটা সময় আল্লাহর তত্ত্বাবধানে থাকা যায়। সব ধরনের বিপদাপদ ও অসুবিধা থেকে মহান আল্লাহ রক্ষা করেন।
আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে, ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’, তবে তাকে বলা হয় (আল্লাহই) তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ (অনিষ্ট থেকে)। (জামে তিরমিজি)
বাহনে চড়ার পর নবীজি (সা.) এই দোয়া পড়তেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাজি সাখখারালানা হা-যা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কালিবুন।’ অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও অশেষ করুণাময়। তিনি পূতপবিত্র ওই সত্তা, যিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী। (সহিহ মুসলিম)
