মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম

কুড়িগ্রামের উলিপুরে আবাসিক মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে হাবিবুল্লাহ নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শিশুটির বয়স ১১ বছর। বুধবার (১২ আগস্ট) দুপুরে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক শিক্ষক আটকের বিষয় নিশ্চিত করেন।

আটক হাবিবুল্লাহ (২৫) উপজেলার দলদলিয়া ইউনিয়নের দোখলাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে ও একই ইউনিয়নের একটি আবাসিক মাদরাসার শিক্ষক।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, শিশুটি ওই মাদরাসায় আবাসিক থেকে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পড়াশোনা শেষে সে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে নিজের বিছানায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন। বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এঘটনায় শিশুটির মা উলিপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মাদরাসা থেকে হাবিবুল্লাহকে আটক করে।

শিশুটির মা জানান, বুধবার ভোরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে  তাকে চিকিৎসা দেওয়া হয়।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত