আদালতের তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত করা দুর্ভাগ্যজনক

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:১০ এএম

আদালতের তথ্য জানা ও জানানোর অধিকার থেকে গণমাধ্যম এবং জনগণকে বঞ্চিত করা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। তারা অবিলম্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ হাইকোর্ট বিভাগের বিভিন্ন এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহাল করার দাবি জানিয়েছেন। গত জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ হাইকোর্টের বিভিন্ন এজলাসে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে না দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার দুপুর পৌনে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি করা হয়। সাংবাদিক নেতারা অবিলম্বে এজলাসে প্রবেশাধিকার ফিরিয়ে দিতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানান। আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে এ কর্মসূচি হয়।

এতে সম্পাদক পরিষদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্র্যাব) বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দিয়ে এলআরএফের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।  

সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর বলেন, ‘একটি রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর লক্ষ্য ছিল গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে। এই সময়ে আদালতের কার্যক্রম গণমাধ্যমের মাধ্যমে মানুষকে জানানোর কথা ছিল। সংবিধানেও উন্মুক্ত আদালতে বিচারকাজ পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি বিচার বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে তথ্য জানানোর অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হবে। এটি দুর্ভাগ্যজনক।’

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘এজলাসে গণমাধ্যমকে প্রবেশ করতে না দিলে জাতির সন্দেহ জাগে। আমাদের লেখায় পেশাগত কাজে বাধার সৃষ্টি করলে তা মেনে নেব না। পরে আরও বড় কর্মসূচি পালন করা হবে।’

ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম বলেন, ‘অধিকার বঞ্চিত মানুষের শেষ আশ্রয় আদালত। কিন্তু আদালত নিজেই যখন মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে, তখন মানুষ কোথায় যাবে?

কর্মসূচিতে আরও বক্তব্য দেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এমএম বাদশাহ, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) সভাপতি শাফি উদ্দীন আহমদ, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল (কাজী জেবেল), এলআরএফের সাবেক সভাপতি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত