পুলিশের সামনেই হামলা

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:১০ এএম

চট্টগ্রামের আনোয়ারায় ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের (ইউসিপিএল) এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা পরিচয় দানকারী আলী হোসেনের বিরুদ্ধে। চাঁদা না পেয়ে গতকাল বুধবার সকালে দলবল নিয়ে ইউসিপিএলের বাইরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের প্রকৌশলীর ওপর হামলা চালান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সামনেও প্রতিষ্ঠানের লোকজনের ওপর ফের হামলা করা হয়। এতে গুরুতর আহত হয়েছেন প্রকৌশলী শাহরিয়ার আমির ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের পার্টনার স্থানীয় জিন্নাত আইয়ুবও হামলার শিকার হন।

প্রকৌশলী শাহরিয়ার আমির জানান, স্থানীয় যুবদল নেতা পরিচয়ে আলী হোসেন দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। আলী হোসেন বলেন, এখানে ব্যবসা করতে হলে তাকে ৫০% চাঁদা দিতে হবে। মালিকপক্ষ রাজি না হলে আলী হোসেন সকালে লোকজন ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পথ আটকে তাকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে কোনো রকমে প্রাণে রক্ষা পান। ঘটনার পর পুলিশ এলে পুলিশের সামনে আবারও আমাদের ওপর হামলা চালায় তারা।’

মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় আলী হোসেনসহ চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে আমাদের আশ্বাস দিয়েছে। এ ঘটনায় আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক অভিযোগ দিয়েছেন। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত