ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়া গেছে বলে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম (প্রথম) বৈঠকে জানানো হয়েছে। একই সঙ্গে আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথাও বৈঠকে জানানো হয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত ত্রয়োদশ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছেন মোহাম্মদ শফিকুল হক মিলন এমপি।
বৈঠকে গত ছয় মাসে সরকারের কার্যক্রমের মূল্যায়নে পানিসম্পদ মন্ত্রণালয়ের অগ্রগতির বিষয়টি তুলে ধরে বলা হয়, নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথা বৈঠকে জানানো হয়। এ ছাড়া, বৈঠকে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার বিষয়টি অবহিত করা হয়। ইতিমধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প একনেক-এ অনুমোদিত হয়েছে বলেও সভায় অবগত করা হয়।
সভায় জানানো হয়, বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য মোট ৭ হাজার ৮৩২ দশমিক ৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলোর মেয়াদ, অর্থবরাদ্দ ও বাস্তবায়ন-সংক্রান্ত বিস্তারিত তালিকাও বৈঠকে উপস্থাপন করা হয়।
কমিটির অন্যতম সদস্য এবং পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সভায় উপস্থিত ছিলেন। উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বরাদ্দকৃত অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং জনগণের জন্য সরকারি সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়।
সভায় সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, এ. ই. সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ, মুন্সী রফিকুল আলম, মো. ইজ্জত উল্লাহ, মো. মশিউর রহমান খান এবং মো. অলি উল্লাহ্ বৈঠকে অংশগ্রহণ করেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাসমূহের প্রধানরা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।