অলি আহমদের মনোনয়নপত্র জমা দিল ১১ দল

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৬:০১ এএম

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মনোনয়নপত্র জমা দেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে  একটি প্রতিনিধি দল। মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন জামায়াতের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সমর্থক হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন। ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলে আরও ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং মোস্তাফিজুর রহমান ইরানসহ জোটে শরিক প্রতিটি দলের শীর্ষ নেতারা।

বিএনপির সমালোচনায় জামায়াত : রাষ্ট্রপতি পদে অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘বিএনপির এই দৈন্যতার জায়গায় তারা যোগ্য প্রার্থী দিতে পারেনি। সে জায়গা থেকে আমরা আশা করতে পারি যে, কর্নেল অলি যোগ্য লোক। উনি সবার সামনে জাতির সামনে এসেছেন।’ এ সময় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে অভিযোগ করে এ সমালোচনা করে প্রতিবাদ জানান জামায়াতের এ নেতা।

জামায়াত-এনসিপি ঐক্যের এই সমন্বয়ক বলেন, সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা। এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক, শীর্ষ ফোরামের বৈঠক হবে এটা অতীতে রেকর্ড আমাদের জানা নাই। বিএনপি আমলের পাঁচ মাস বা ছয় মাসের কার্যক্রম অতীতের থেকে কোনো পরিবর্তন নেই। বিএনপির মহাসচিব ফখরুল সাহেব যেভাবে বক্তব্য দিয়েছেন এটা জাতি জেনে গেছে। তো বোঝা যাচ্ছে যে ওনারা আসলে পরিবর্তন চান না বলেই পরিবর্তন হচ্ছে না। অলি আহমেদকে যোগ্য প্রার্থী উল্লেখ করে তিনি দাবি করেন, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে জয়ী হতেন জামায়াত জোটের প্রার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত