'নার্ভাসনেস কুঁড়ে কুঁড়ে খাবে কামিন্সদের', বলছেন পন্টিং

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম

ডারউইন টেস্টে বাংলাদেশের ক্রমাগত আধিপত্যে বেশ কোণঠাসা হয়ে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে টাইগারদের লিড ১৫০ পেরিয়ে ১৫৩ রানে পৌঁছানোর পর সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন, অসি ড্রেসিংরুমে এখন মারাত্মক মানসিক চাপ ও উদ্বেগ তৈরি হয়েছে।

চ্যানেল সেভেনে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং স্পষ্ট জানান, প্যাট কামিন্সের দল এখন পুরোপুরি ব্যাকফুটে এবং আগামী কয়েক দিন তাদের ব্যাটারদের জন্য কেরিয়ারের অন্যতম বড় পরীক্ষা হতে যাচ্ছে।

পন্টিং বলেন, "এই মুহূর্তে তারা অনেক পেছনে পড়ে গেছে। আগামী কয়েক দিনে তাদের সামনে যে চ্যালেঞ্জ আসছে, তা অনেকের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। তারা অবশ্যই নার্ভাস থাকবে, আর এই নার্ভাসনেস ধীরে ধীরে কুঁড়ে কুঁড়ে খাবে। কাল সকাল থেকেই অস্ট্রেলীয় ব্যাটিং অর্ডারের মানসিকতা ও দক্ষতার আসল পরিচয় পাওয়া যাবে।"

টেস্টের প্রথম দিনে ২৬ বছর বয়সী পেসার হাসান মাহমুদের ৬ উইকেটে স্বাগতিকরা অলআউট হয় ১৯৯ রানে। আর দ্বিতীয় দিনে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা ২৫ বছর বয়সী তানজিদ হাসান তামিম দুর্দান্ত সেঞ্চুরি করে অসিদের আরও বিপদে ফেলে দেন। ৬ উইকেটে ৩৫১ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। তানজিদ তামিম ১৯৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় তার ঐতিহাসিক প্রথম টেস্ট সেঞ্চুরিটি সাজান। 

 

দ্বিতীয় নতুন বলে অসি পেসাররা ৪.৫ ওভারের ব্যবধানে ৩টি উইকেট নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মিরাজ ও হাসানের দৃঢ়তায় বাংলাদেশ দিনের ওপর পুরো নিয়ন্ত্রণ বজায় রাখে। মাররারার উইকেট ব্যাটারদের জন্য সহজ হয়ে আসায় এখন অস্ট্রেলীয় ব্যাটিং লাইনাপের কড়া পরীক্ষা অপেক্ষা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত