খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ২ জনই খুলনা জেলার বাসিন্দা। এই সময়ে বিভাগে নতুন করে আরও ৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ভর্তি ৭৫ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছেন। মৃত ২ জনই খুলনা জেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, খুলনা জেলায় সর্বোচ্চ ৪০ জন এবং বাগেরহাটে ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া নড়াইলে ৪ জন, মেহেরপুরে ২ জন এবং কুষ্টিয়ায় ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৩৭ জনকে।
চলতি বছর বিভাগে মোট ১২ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এর মধ্যে ৯ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও খুলনা জেলায় ২ জন মৃত্যু হয়। এছাড়া বাগেরহাটে ১ জনের মৃত্যু হয়েছে।