নেককার স্ত্রী-সন্তান লাভের দোয়া

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:৩১ এএম

মানুষ স্ত্রী-সন্তান ও পরিবার ঘিরে নানা স্বপ্ন সাজায়। মানুষ চায়, তার সংসার ভালোবাসায় ভরে উঠুক। সন্তানরা বড় হয়ে সফল হোক। তবে মুমিনের চাওয়া এখানেই শেষ নয়। সে এমন পরিবার চায়, যে পরিবার দুনিয়ায় তার প্রশান্তির কারণ হবে এবং আখেরাতের পথেও তার সহযাত্রী হবে। মহান আল্লাহ কোরআনে তার নেক বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যারা নিজ স্ত্রী-সন্তানদের চোখের শীতলতা বানানোর জন্য দোয়া করে। ইরশাদ হয়েছে, ‘হে আমাদের রব! আপনি আমাদের এমন স্ত্রী-সন্তান দান করুন, যারা আমাদের চোখ শীতল করবে। আর আপনি আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন।’ (সুরা ফুরকান ৭৪)

দোয়াটির আরবি উচ্চারণ, ‘রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইউনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা।’

এই ছোট্ট আয়াতের মধ্যে পরিবারের জন্য অসাধারণ একটি শিক্ষা রয়েছে। এখানে শুধু স্ত্রী ও সন্তান পাওয়ার কথা বলা হয়নি। বরং তাদের এমন হওয়ার জন্য দোয়া করা হয়েছে, যাদের দেখে হৃদয় প্রশান্ত হয়।

‘চোখ শীতল’ কথাটির অর্থও অত্যন্ত গভীর। ইবনে আব্বাস (রা.)-এর ব্যাখ্যা অনুযায়ী, এর অর্থ হলো এমন স্ত্রী ও সন্তান, যারা আল্লাহর আনুগত্য করে। তাদের নেক আমল দেখে স্বামী আনন্দিত হয়। তার হৃদয় প্রশান্ত হয়।

সন্তানের ভালো ফলাফল আনন্দের। জীবনে সফল হওয়াও আনন্দের। কিন্তু সে যদি আল্লাহকে ভুলে যায়, সেই সাফল্য মুমিনের পূর্ণ প্রশান্তি দিতে পারে না।

একইভাবে জীবনসঙ্গীর সৌন্দর্য, সম্পদ ও সামাজিক মর্যাদা মানুষের চোখে আকর্ষণীয় হতে পারে। কিন্তু প্রকৃত সুখ আসে যখন স্বামী-স্ত্রী একে অন্যকে আল্লাহর পথে চলতে সহযোগিতা করে।

এখানে দায়িত্বের কথাও মনে রাখা দরকার। নেককার সন্তান পাওয়ার আগে তাকে নেক পথে গড়ে তোলার চেষ্টা করতে হয়। স্ত্রীকে দ্বীনের পথে দেখতে চাইলে নিজের জীবনেও দ্বীনের অনুশীলন থাকতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত