মৌলভীবাজারের রাজনগরে মাথিউড়া চা বাগান থেকে মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২) নামে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের আকাশী টিলা এলাকার একটি নিম গাছ থেকে একই রশিতে ফাঁস লাগানো অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গল বাউরী ও বিনতা বাউরী উভয়েই উদনা চা বাগানের বাসিন্দা এবং বিনতা বাউরী নিমাই বাউরীর সাবেক স্ত্রী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার মাথিউড়া চা বাগানের পাহারাদার স্বপন রাজভর নিমগাছের সাথে দুজনকে লাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রাজনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
স্থানীয় ইউপি সদস্য রামভজন গোয়ালা বলেন, প্রায় এক মাস আগে মঙ্গল বাউরী ও বিনতা বাউরী কোর্ট ম্যারেজ করেন। বিয়ের পর থেকেই এ নিয়ে মঙ্গল বাউরীর প্রথম স্ত্রীর সাথে পরিবারের মধ্যে প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি লেগে থাকত। শনিবার রাতেও স্ত্রীর সাথে তীব্র বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই তারা দুজন একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি। তাদের পারিবারিক কলহের বিষয়টি আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও চূড়ান্ত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।